আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রতীক ‘ধানের শীষ’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল ইসলামকে দেওয়ার দাবিতে এক বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে নড়াইলের সিমাখালী (মালিবাগ) এলাকায় ‘সর্বস্তরের জনগণের’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক সমাবেশে সভাপতিত্ব করেন।
‘বহিরাগত’ প্রার্থীকে প্রত্যাখ্যানের হুঁশিয়ারি:
সমাবেশে প্রধান বক্তা হিসেবে আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম তার বক্তব্যে স্থানীয় রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বহিরাগত ও হাইব্রিড প্রার্থীদের আমরা নড়াইলের জনগণ মেনে নেব না।” ২০০৮ সালের নির্বাচনে মাত্র ২৯২ ভোট পাওয়া এক সম্ভাব্য জোট প্রার্থীর দিকে ইঙ্গিত করে তিনি হুঁশিয়ারি দেন, নড়াইলের তৃণমূল কর্মীরা এমন প্রার্থীকে কখনোই গ্রহণ করবে না।

নিজের ৩৯ বছরের রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে আবেগঘন কণ্ঠে মনিরুল ইসলাম বলেন, “এই রাজনীতির জন্য আমি আমার ব্যবসা, সম্পত্তি, এমনকি পরিবারকে সময় দিতে পারিনি। আমি কোনো লোভ বা লাভের আশায় রাজনীতি করি না, করি মানুষের ভালোবাসার জন্য।”
তৃণমূলের সমর্থন ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা:
সমাবেশে বক্তারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মনিরুল ইসলামের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে তিনি বারবার কারানির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘদিন ধরে দল ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সমাবেশে নড়াইল সদর উপজেলা, পৌরসভা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শুরুর আগেই হাজার হাজার দলীয় নেতা-কর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় ভরে ওঠে এবং শতাধিক অস্থায়ী দোকানপাটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত
কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি 























