বহুল আলোচিত ডেসটিনি- ২০০০ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, যেন তিনি বিনিয়োগকারীদের সমুদয় অর্থ সম্পূর্ণ পরিশোধ করে তবেই ইহলোক ত্যাগ করতে পারেন। দীর্ঘ বারো বছর কারাবাসের পর মুক্তি পাওয়ার পর দেশের সেবায় নিজেদের বিলিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন।
আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর প্রেসক্লাব সংলগ্ন বন্ধন কমিউনিটি সেন্টারে ডেসটিনি-২০০০ লিমিটেডের পিএসডি (প্রজেক্ট শেয়ারহোল্ডার ডিস্ট্রিবিউটর) ও ডিস্ট্রিবিউটরদের উদ্যোগে আয়োজিত ‘সমসাময়িক বিষয় ও বিনিয়োগ সম্পর্কিত আলোচনা’ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেন্ট্রাল গো ডায়মন্ড অ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক বি এম মহিউদ্দিন মন্টি।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ হোসাইন তার গভীর দায়বদ্ধতা তুলে ধরেন। তিনি বলেন, “বিনিয়োগের টাকা যেন বিনিয়োগ কারিদের সসম্মানে পরিশোধ করে মরতে পারি, সৃষ্টিকর্তার কাছে এটাই আমার শেষ মিনতি এবং ঐকান্তিক চাওয়া।”
দীর্ঘ কারাজীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিনা দোষে আমাদের জীবনের মূল্যবান বারোটি বছর জেলখানায় কাটাতে হয়েছে। তবে আমরা হার মানার লোক নই। বিদেশে চলে যাওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু আমরা সেই পথ ধরিনি। এই দেশের জনগণ এবং অর্থনীতির সেবায় আমরা নিজেদের পুরোপুরি বিলিয়ে দিতে প্রস্তুত।” তাঁর এই বক্তব্য উপস্থিত পিএসডি ও ডিস্ট্রিবিউটরদের মধ্যে আশার সঞ্চার করে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন পিএসডি ও সেন্ট্রাল গো ডায়মন্ড অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জিত কুমার কর্মকার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএসডি ফারুক আহমেদ, শাহিনুর সরকার, পিএসডি ফোরামের প্রেস অ্যান্ড পাবলিকেশন লিমিটেডের জহিরুল ইসলাম বাবু, রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্টের নজরুল ইসলাম ফয়সাল, আলাউদ্দিন আল মামুন এবং আনিসুজ্জামান।

এছাড়াও, স্বপ্ন শহর প্রাঃ লিঃ এর প্রতিনিধি পরিচালক মোঃ ইউসুফ আলী, ডেসটিনি- ২০০০ লিঃ পিএসডি ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব আক্তার হোসেন, আহ্বায়ক শাহীন আল মামুন, বাসেতুল হোসাইন, মাহিদুল হোসাইন এবং অ্যাডভোকেট ফয়সাল সুলতান সহ আরও অনেকে ডেসটিনি’র পুনর্বাসন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
কুমিল্লায় প্রধান অতিথির আগমণ উপলক্ষে কুমিল্লা জেলা স্থানীয় লিডারগণ ও বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিশেষে, ডেসটিনি ২০০০ লিঃ এর প্রয়াত ডিস্ট্রিবিউটরদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয়।
এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত
ডেসটিনি ডেস্ক 























