সিলেটের ওসমানীনগরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত ‘মিনি সুইজারল্যান্ড’ পুরোটাই গুজব ও প্রতারণা। উমরপুর ইউনিয়নের কোথাও প্রশাসন বা ভৌগোলিক মানচিত্রে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে কোনো স্থান নেই। অথচ একটি চক্র হাওরাঞ্চলের সরকারি পতিত জমিকে পর্যটন স্পট সাজিয়ে দর্শনার্থীদের থেকে অর্থ আদায় করছে।
জানা গেছে, উমরপুর ইউনিয়নের বানাইয়া হাওর সংলগ্ন মিঠাভরাং ও মাধবপুর গ্রামের কিছু সবুজ ঘাস ও নীল আকাশের দৃশ্য ধারণ করে ফেসবুকে ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে প্রচার করা হচ্ছে। স্থানীয় সূত্রে অভিযোগ, সাবান চুরা নামের এক ব্যক্তি ও তার অনুসারীরা সেখানে দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের নামে ভুয়া রশিদ দিয়ে ৫০ টাকা করে চাঁদা আদায় করছে।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, ভুয়া মিনি সুইজারল্যান্ড প্রচার করে লোক জড়ো করা এবং অর্থ আদায়ের মাধ্যমে হয়রানির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের অনুমতি ছাড়া কেউ এভাবে অর্থ আদায় করতে পারে না। স্থানীয়রা এই প্রতারক সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি 























