বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও গভীর শ্রদ্ধা প্রকাশ করেছে বাংলাদেশ আমজনগণ পার্টি। দলটির পক্ষ থেকে এই মৃত্যুকে জাতির জন্য এক ‘অপূরণীয় ক্ষতি’ এবং ‘একটি যুগের অবসান’ হিসেবে অভিহিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডসিম্বের) এক যৌথ শোকবার্তায় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক আলোকবর্তিকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাঁর মৃত্যুতে রাষ্ট্র এক দেশপ্রেমিক অভিভাবককে হারালো। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য ত্যাগ ও সংগ্রামের ইতিহাস বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।”
পার্টির সদস্যসচিব ফাতিমা তাসনীম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমরা আজ শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীকে হারাইনি, হারিয়েছি এক মমতাময়ী দেশমাতাকে। তিনি ছিলেন নারী জাগরণ ও অদম্য সাহসের প্রতীক। আজীবন জেল-জুলুম সহ্য করেও তিনি জনগণের অধিকারের প্রশ্নে ছিলেন অটল। তাঁর চলে যাওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি করলো, তা কোনোদিন পূরণ হবার নয়।”
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় এই মহীয়সী নেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ আমজনগণ পার্টির সকল স্তরের নেতা-কর্মী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন।
জেএএ

আজ থেকে সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত
অনলাইন ডেস্ক 























